POPULAR BD NEWS
Popular BD News Logo

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার পেলেন মাইনুল ইসলাম মানিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ | সময়: ১০:৫৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার-২০২৬ পেয়েছেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।

শনিবার (১১ এপ্রিল) লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুবাদ সাহিত্যে অবদানের জন্য তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. মো. সালাহউদ্দিন শরীফ। “আঞ্চলিক সাহিত্য সংগঠন এবং সাহিত্য আন্দোলন” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গাজী গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ইয়াসমিন সুলতানা। উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।

মানবাধিকার কর্মী শামছুল করিম খোকন, অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, সাহিত্য সংসদের সহ-সভাপতি মোরশেদ আলম হাওলাদার, জেলা জাসাস সভাপতি ড্যানি চৌধুরী শাকিক ও মাহবুবুর রশীদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ১৩ জন কবি-লেখককে সম্মাননা প্রদান করা হয়।

জেলা সাহিত্য সংসদ সম্মাননা পেয়েছেন কবিতায় ছড়াকার আলম হোসেন, নাট্য গবেষণায় ড. বাবুল বিশ্বাস, প্রবন্ধে মুহাম্মদ ফরিদ হাসান, অনুবাদে মাইনুল ইসলাম মানিক, সাহিত্য পত্রিকা সম্পাদনায় চট্টগ্রামের আন্দরকিল্লা সম্পাদক মুহাম্মদ নুরুল আবসার, আবৃত্তিতে মলিনা মজুমদার। বাংলা আওয়াজ লেখক সম্মাননা পেয়েছেন কবিতায় কবি আযাদ কামাল ও বকুল আক্তার দরিয়া। সাংবাদিক সাহিত্যিক সানাউল্লাহ নূরী সাহিত্য সম্মাননা পেয়েছেন কথাশিল্পী নিমগ্ন দুপুর। কবি মুস্তাফিজুর রহমান সাহিত্য সম্মাননা পেয়েছেন সংগীত সাধনায় মাহবুবুল বাসার এবং জেলার বর্ষসেরা কবি সম্মাননা পেয়েছেন কবি সালেহা খানম ও ফারিয়ান তাহরীম।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য কুইজ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমু চৌধুরী ও ফখরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন তাইফুল ইসলাম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন