POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহমাহমুদপুরে রাস্তা উপর ভবন নির্মাণ, চলাচলের পথ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন এলাকাবাসীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের শাহমাহমুদপুরের ভাটেরগাঁও এলাকায় শতাধিক পরিবারের যাতায়াত পথে ভবন নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এক পরিবার। ভুক্তভোগীরা মানববন্ধন করে দ্রুত ভবনের বর্ধিত অংশ সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করার দাবী তুলতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

শুক্রবার বিকেলে ভাটেরগাঁও মিজি বাড়ির চলাচলের রাস্তায় এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারগুলো।

মানববন্ধনে অংশ নেয়া বাবুল মিজি, জাকির মিজি, হিরন মিজি, বেবী বেগম, পেয়ারা বেগম জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মিজি বাড়ির বাসিন্দারা নিজ উদ্যোগে তৈরি করা এ রাস্তাটি ব্যবহার করে আসছেন। পরবর্তীতে কয়েক দফায় সরকারি বরাদ্দে রাস্তাটি সংস্কার করা হয় এবং এটি প্রায় ১০০টি পরিবারের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আব্দুর রব মিজি নামে এক ব্যক্তি ৫-৬ বছর আগে সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করার পর ইতোমধ্যে রাস্তায় নিজের সম্পত্তি দাবি করে ভবন নির্মাণ সহ বিভিন্নভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করেন তিনি। রাস্তাটির ওপর পাকা ভবন নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এলাকাবাসীর দাবী, রাস্তাটি দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত হওয়ায় এটি কোনো ব্যক্তির একক দখলে যাওয়ার সুযোগ নেই। শত শত মানুষের চলাচলের দিক বিবেচনা করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রব মিজির স্ত্রী শামছুন্নাহার বেগম সাংবাদিকদের বলেন, ১৮ বছর আগে সম্পত্তি কিনে তাদেরকে চলাচলের সুযোগ করে দিয়ে আসছেন। ইতোমধ্যে সম্পত্তির উপর ভবন নির্মাণ করার কথা স্বীকার করে তিনি বলেন, প্রয়োজনে ভবনের সামনে কিছু জায়গা কিনে রাস্তা করে দিয়ে ব্যবহারের সুযোগ করে দেয়া হবে। এলাকাবাসী সেই প্রস্তাবও মানছেন না।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন