কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ চাঁদপুরে বলেছেন, জাটকা নিধন বন্ধ করা গেলে, এ বছর ২০ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন করা সম্ভব হবে। এর জন্য প্রয়োজন জেলেদের সহযোগিতা আর মৎস্য বিভাগের সততা।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০০৪ সালে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ গুরুত্বসহকারে বিবেচনা শুরু করেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে জাটকা বন্ধে জেলেদের জন্য চাল, ডাল, আটা, লবণ, চিনি ও আলুসহ জেলেদের প্রায় ৬ হাজার টাকার পণ্য দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরীসহ আরো অনেকে।
জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী – প্রতিপাদ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬। ৭ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
জাটকা সংরক্ষণ সপ্তাহ বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ও নদীতে বিশেষ নজরদারির কথা জানিয়েছে মৎস্য বিভাগ।