POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬ | সময়: ৫:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির দুই ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে যায়। মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। তারা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই ভাইয়ের মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের স্বজনরা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মুজাম্মেল হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরা একটু ঠান্ডা পেতে পুকুরে বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের বাবা-মা ও পরিবারের লোকজন সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধি লক্ষ রাখতে হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন