হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুলতান হাজী বাড়ির কৃষক দলের নেতা মিজানুর রহমানের একটি বসত পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত ২ টায় উপজেলার ৫ নং সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের সদস্য মিজানুর রহমানের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী মালিক মিজানুর রহমান।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোহাম্মদ বাহার উদ্দিন জানান, রাতে একটি বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি। আগুনে ৪টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।
সকালে হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নব গঠিত আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মোঃ ফারুকুল ইসলাম কিরণ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান তিন বান ঢেউটিন পরিবারের হাতে তুলে দেন।