চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় আরিয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(২৮ মার্চ) সকালে বাকিলা–কামরাঙ্গা–মনিহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের একমাত্র ছেলে। সে মনিহার গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে মায়ের সঙ্গে খালার বাড়িতে আসে আরিয়ান। শনিবার সকালে দক্ষিণ মনিহার এলাকায় একটি দোকানের সামনে একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে আরিয়ান ট্রাকের নিচে ঢুকে পড়ে। পরে ট্রাকটি চালু করলে চালক বুঝতে না পেরে সামনে এগিয়ে যায়। এতে শিশুটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হাসান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আবদুর রাজ্জাক ছৈয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, ট্রাকটি বালুমহালের মালিক মো. লালুর ছেলের ছিল এবং এতে বালু বোঝাই ছিল।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল জব্বার জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
এদিকে শিশুটির মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে ভেঙে পড়েছে। শত শত গ্রামবাসী আরিয়ানের বাড়িতে ভিড় জমিয়েছে। এলাকায় বিরাজ করছে গভীর শোকের পরিবেশ।