POPULAR BD NEWS
Popular BD News Logo

দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপদ রাখার দাবিতে কচুয়ায় নিসচা’র মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচলের দাবিতে মানববন্ধনের মাধ্যমে জোরালো বার্তা দিয়েছে সচেতন নাগরিকরা। “নিরাপদ সড়ক চাই (নিসচা)” কচুয়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কচুয়া-সাচার গৌরীপুর সড়কের রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কয়েক ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা নিরাপদ সড়কের দাবি জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

বক্তারা বলেন, কচুয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে একটি দুর্ঘটনায় ফারহানি নামের এক তরুণী পঙ্গুত্ব বরণ করায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মানববন্ধনে বক্তারা সড়কটি প্রশস্তকরণ, প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপন, এবং চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পথচারীদেরও সচেতন হয়ে চলাচলের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন নিসচা কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়াউদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল, মাহমুদ শিকদার, মুফতি সোয়লেমান বিন কাশেম, মাসুম বিল্লাহ মাদানী, নিপা আক্তার, মুহাম্মদ হোসাইন জাকির, জিসান আহমেদ ও ইমাম হাসানসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সচেতন নাগরিকদের এই উদ্যোগ কচুয়ায় নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন