চাঁদপুরের ফরিদগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
নিহত প্রসূতি তানজিনা আক্তার (২০) তিনি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের প্রবাসী রবিনের স্ত্রী।
পরিবারের সদস্যদরা জানান, রবিবার রাতে প্রসবব্যথা উঠলে তানজিনাকে দ্রুত ফরিদগঞ্জের ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।
প্রসূতিকে চিকিৎসক নাজমুন নাহার অপারেশন সম্পন্ন করেন।
অভিযোগ রয়েছে, অপারেশনের পর বেডে আনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তানজিনা বুকে ব্যথা ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় । পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি করে বলেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তানজিনার মৃত্যু হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনের বাকবিতণ্ডা ও মারামারি ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।