চাঁদপুরের শাহরাস্তিতে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলটি সম্প্রতি উপজেলার একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ, তাই তাদেরকে নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে। পাশাপাশি তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগৈ বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ মাঈন উদ্দিন, দৈয়ারা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ মাছুম বিল্লাহ।
ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য যথাক্রমে হাফেজ ইসমাইল হোসেন, তাকেকুল ইসলাম পাটওয়ারী, সাইফুল ইসলাম সুমন, শামসুল আলম সুজন, আরমান হাবিব পাটওয়ারী, হাসিবুল হাসান রাতুন, রাকিব, জাহিদ, মনিরুল ইসলাম শিহাব, শাহরিয়ার, রিপাত, ইউসুফ মোল্লা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শেষে সকল অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
শাহরাস্তি যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।