POPULAR BD NEWS
Popular BD News Logo

গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

প্রতি বছরের মতো এবারো (২০২৬) বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ঈদ উপহার’ দিচ্ছেন। গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা পাবেন এই ‘ঈদ উপহার’।

আজ (১৮ মার্চ) থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার দেন তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ঈদ উপহার পৌঁছে দেওয়ার। এবার নতুন সরকার তাদের এক মাসে অনেক কাজ করছে। ঈদ উপহার বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান ভুলে যাননি।’

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্যে রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় ১৯শ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে।

এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত বিএনপি ও এর অঙ্গ-সংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন