চাঁদপুরের সামাজিক সংগঠন ক্লীন চাঁদপুর-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির মাস। এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, ক্লীন চাঁদপুরের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝী, সদস্য সচিব শামছুল আরফিন, সংগঠনের সদস্য প্রবাসী রাসেল, ব্লু সার্ক কোম্পানির পরিচালক ফয়সাল খান, সদস্য ডা. মাসুদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ক্লীন চাঁদপুর দীর্ঘদিন ধরে শহরের পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ সংগঠন চাঁদপুরের উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং চাঁদপুরবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
ইফতারের আগে উপস্থিত অতিথি ও সদস্যরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।