চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান বাবলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাজীগঞ্জ থানাধীন রান্ধুনীমোড়া হাইস্কুল সংলগ্ন প্রস্তাবিত বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনা ও হাজীগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার সার্বিক ব্যবস্থাপনায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে রান্ধুনীমোড়া এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান বাবলুকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে নীল রঙের জিপার পলিপ্যাকের ভেতরে রাখা ১৭ (সতের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাসান বাবলু হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমোড়া (পাটোয়ারী বাড়ী) এলাকার বাসিন্দা। তিনি মৃত মকসুদ আলীর ছেলে।
এ ঘটনায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২৪, তারিখ ১৫/০৩/২০২৬।
মামলাটি এসআই (নিঃ) মো. সাঈক বিন আহম্মেদ তদন্ত করছেন। গ্রেফতারকৃত আসামিকে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।