চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুই আসামি পালিয়ে যায়।
রোববার (১৫ মার্চ) মতলব দক্ষিণ থানা পুলিশের এক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীবের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার মাউন্দি প্রধানিয়া বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পলাতক আসামি সুমন প্রধানিয়ার বসতঘরের রান্নাঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে গ্রেফতারকৃত আসামিরা নিজেদের হাতে বের করে দিলে সেখান থেকে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৩০)। তাদের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন প্রধানিয়া (৩৬) ও রাজিব প্রধানিয়া (২৮) নামে আরও দুই আসামি দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত দুই আসামি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।