POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৬ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) নূরমোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় অবস্থিত AJR Transport Agency Ltd. কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালায়। এ সময় একটি পার্সেল বক্সসহ মোঃ ইমতিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়।

পরে পার্সেলটি তল্লাশি করে পুলিশ ৫টি পলিপ্যাকে রাখা মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও পার্সেলের ভিতর থেকে ৪ পাতা ওরাল ফ্রেশ ব্রাশ, ৪ বোতল ফুড কেয়ার ওটস, একটি ক্যাশ মেমো এবং DHL লেখা একটি পার্সেল বক্স জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইমতিয়াজ হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ইয়াছিন মার্কেট এলাকার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকায় বসবাস করছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এসআই নূরমোহাম্মদ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ১৭, তারিখ ১০ মার্চ ২০২৬। মামলাটি তদন্ত করছেন এসআই মোঃ জয়নাল আবেদীন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন