ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি দোকানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার(১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে দুই দোকানিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই, সংরক্ষণ পদ্ধতি এবং পণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু দোকানে নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা টাঙানো না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার লক্ষ্যে প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, পণ্যের সঠিক মূল্য তালিকা টাঙানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক।
এদিকে স্থানীয় সচেতন মহল মোবাইল কোর্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।