চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শুক্রবার রাতে পুত্রবধু হালিমার হাত-পা বেঁধে, শ্বাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এটি চুরি-ডাকাতি ও পারিবারিক বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুত্রবধূ হালিমা দাবী করেন, রাতে দরজা খুলে দেয়ার পর একদল ডাকাত ঘরে প্রবেশ করে। প্রথমে শ্বাশুড়িকে শ্বাসরোধ করে তারা। পরে তার হাত-পা বেঁধে স্বর্ণ ও টাকা পয়সা খুঁজে নেয় ডাকাতচক্র।
মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই এর পৃথক তদন্ত কাজ চলছে। বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বাড়ীতে পুত্রবধূ আর শ্বাশুড়ি ছিলেন। ৩ ছেলে ইতালি প্রবাসী।