POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চরাঞ্চলের ২৩ টি ভোট কেন্দ্রসহ ৪শ২২ টি ঝুঁকিপূর্ণ, বিশৃঙ্খলা ঠেকাতে সবগুলোতে থাকছে পুলিশের বডিতে ক্যামেরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরে আট উপজেলায় ৫ টি নির্বাচনী আসনে ৭শ ৬ টি ভোট কেন্দ্রের ৪শ২২টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরমধ্যে জেলা পুলিশের তালিকায় দুটি আসনে চরাঞ্চলের ২৩ টি ভোট কেন্দ্রের সব গুলোই ঝুঁকি পূর্ণ। এসব ঝুঁকি পূর্ণ ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে থাকছে পুলিশের বডি ক্যামেরাসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

পদ্মা-মেঘনার চরাঞ্চলে চাঁদপুর সদর-হাইমচর-মতলবের ২৩ ভোট কেন্দ্র। সব গুলো ভোট কেন্দ্রই ঝুঁকি পূর্ণ । চরাঞ্চলে রাজনৈতিক বিশৃঙ্খলার পাশাপাশি যাতায়াত সমস্যাকে বেশি গুরুত্ব দিয়ে ঝুঁকি পূর্ণ হিসেবে দেখছে পুলিশ।

জেলার পাঁচটি আসনে ৭শ ৬ টি ভোট কেন্দ্রের ৪শ ২২ টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ কেন্দ্র এই আসনে।

চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা সুগম করতে জনপ্রতিনিধিদের আহবান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ঠিকঠাক থাকলে তেমন সমস্যা হবে না বলে প্রত্যাশা ভোটার ও রাজনৈতিক দলগুলোর।

নদী তীরবর্তী দুর্গম এলাকা মতলব‌ উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ২৩ টি ভোটকেন্দ্র। এসব ভোট কেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানান কোস্ট গার্ডের কামান্ডার মো. ইমতিয়াজ হোসেন।

প্রথমবারের মতো এবার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ৪শ ২২জন পুলিশের বডি ক্যামেরা যুক্ত থাকবে। যা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হবে।

ভোট কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা, প্রভাবশালী ব্যাক্তি, রাজনীতিতে প্রভাব বিস্তারের শঙ্কা, ভোট কেন্দ্রের অবকাঠামো অনুন্নত ও বাউন্ডারী ব্যবস্থা না থাকা, পূর্বে ভোট গ্রহণে কোন মারামারিসহ বেশি ভোটারের ভোট কেন্দ্র চিহ্নিত করে ঝুঁকি পূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার: মো. রবিউল হাসান।

চাঁদপুরে পাঁচটি আসনে লড়ছেন ৩ জন স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন দলের ৩৬ প্রার্থী। এখানে মোট ভোটার ২৩ লাখ ৩১ হাজার, এরমধ্যে নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ও পুরুষ ১২ লাখ ভোটার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন