POPULAR BD NEWS
Popular BD News Logo

ধর্মের অপব্যবহার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন: আমিনুল হক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬ | সময়: ৪:০৮ অপরাহ্ণ

​নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল হক ধর্মের অপব্যবহার এবং তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে মিরপুর ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরুকালে তিনি এসব কথা বলেন।

​গণসংযোগকালে পথসভায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘যারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা মূলত ধর্মের নাম নিয়ে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ; কোনো মানুষ বা নির্বাচনী প্রতীকের মাধ্যমে এটি সম্ভব নয়। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের এমন অপব্যবহার থেকে সবাইকে দূরে থাকতে হবে।’

​বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। আমরা ধর্মকে কখনো রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করি না। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

​বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে আমিনুল হক এক গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বর্তমানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি নম্বর এবং মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে। এটি জালিয়াতি বা জাল ভোটের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে। আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা আপনাদের এমন স্পর্শকাতর তথ্য কারও সাথে শেয়ার করবেন না।’

​বিদেশে ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল বিদেশি শক্তির মদদে নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাব।’

​এদিন পল্লবী স্টেশনের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন