ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। ৩৫ প্রার্থীর মধ্যে চাঁদপুর-৪:ফরিদগঞ্জ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল হান্নান চিংড়ি মাছ ও জাকির হোসেন ঘুড়ি প্রতীক পেয়েছেন। এছাড়া বাকী ৩৩ প্রার্থী পেয়েছেন দলীয় প্রতীক।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সরকার। এরমধ্যে চাঁদপুর-১ আসনে ৬ জন, চাঁদপুর-২ আসনে ৮ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৮ জন, চাঁদপুর-৫ আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হচ্ছে।
এদিকে প্রার্থীরা নেতা কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন চাঁদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের প্রার্থী শাহজাহান মিয়া ও চাঁপুর-২ আসনের বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন, চাঁদপুর-৫ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা।
এতে করে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়া সকাল সাড়ে দশটায় প্রার্থীদের সাথে মতবিনিময় করেন রিটার্নিং অফিসার। এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করার আহ্বান জানান।