চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৩ র্যাব সদস্য। সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত র্যাব কর্মকর্তার নাম মো. মোতালেব। গুরুতর আহতরা হলেন—ল্যান্স নায়েক এমাম, কনস্টেবল রিফাত, নায়েক আরিফ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ.আর.এম.মোজাফফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলা শিকার হয়। এসময় চারজন র্যাব সদস্য গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন র্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুর এলাকাটি সন্ত্রসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।