POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শীতার্তদের মাঝে যুব রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬ | সময়: ১০:৫৩ অপরাহ্ণ

কনকনে শীতে প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ যখন বাড়ছে, তখন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।

বুধবার(১৪ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)-এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম।

বেলা ১১টার দিকে রামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত। সঞ্চালনা করেন যুব দলনেতা মো. ইয়াসির আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। তীব্র শীতে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘবে রেড ক্রিসেন্টের এই উদ্যোগ প্রশংসনীয়। আয়োজকেরা জানান, এদিন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক ও দুস্থ পরিবারের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ-প্রধান রাহাদ জামানসহ ইউনিটের অন্যান্য যুব স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে বলা হয়, শীতের এই কঠিন সময়ে সামান্য উষ্ণতা পৌঁছে দিতে পেরে তাঁরা আনন্দিত এবং আগামীতেও আর্তমানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন