POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬ | সময়: ১০:৩০ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) মতলব উত্তর থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অনলাইন প্রতারক চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫), মো. নজরুল ইসলাম নজু (৫৭), মো. আল আমিন রিফাত (৩০) এবং রাব্বি হোসেন জাবেদ (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নোয়াখালীর কবিরহাট থানার বাসিন্দা জহিরুল ইসলাম নামের এক যুবক গত ১১ জানুয়ারি মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অনলাইনে হেদায়েত উল্লাহ ওরফে মনির নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে সখ্যতা গড়ে উঠলে তাকে ফার্নিচার ব্যবসায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখানো হয়।

প্রতারক চক্রটি নগদ অ্যাকাউন্ট ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধাপে জহিরুল ইসলামের কাছ থেকে মোট ৮ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর একপর্যায়ে প্রতারকরা তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এর নেতৃত্বে ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু করা হয়।

এসআই মো. রেজাউল করিম ও এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে মতলব উত্তর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আরও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অনলাইন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুরো নেটওয়ার্ক ধ্বংস না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলবে বলেও তিনি জানান।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। এই প্রতারক চক্রটি ধরতে আমরা সফল হয়েছি। চক্রের বাকী সদস্যদেরও গ্রেপ্তার করতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন