POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে স্বামীর দাফনের পর স্ত্রীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬ | সময়: ১:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মনপুরা পশ্চিম পাড়া ‘কাদির খলিফা বাড়িতে’ এখন শোকের মাতম চলছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দেলোয়ার হোসেনের বাবা মনপুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাফর মিয়া (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম জাফর মিয়াকে বাদ জোহর যথাযোগ্য মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন করার রেশ কাটতে না কাটতেই বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর মিয়ার স্ত্রী হাফেজা বেগম (৫৭)। পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে, ঢাকা নেওয়ার পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত এই দম্পতি মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, দম্পতিটির মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধন ছিল, যা তাদের এমন সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানরা এখন দিশেহারা।

একই দিনে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুতে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন