POPULAR BD NEWS
Popular BD News Logo

তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬ | সময়: ১:১৬ অপরাহ্ণ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রিটার্নিং অফিসারের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

২০১৪ সালে আওয়ামী লীগ জোট থেকে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় সিদ্ধান্তে তিনি শপথ না নিলে উপনির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হন।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি হিসেবে বিবেচিত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন