চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয় টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার।
চাঁদপুরের পুলিশ সুপার জনাব রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন ও এসআই (নিঃ) আবু আহাম্মদ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, এসআই (নিঃ) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সজীব বেপারী (২২) কে গ্রেফতার করা হয়। এসময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মামলা (নম্বর-১৭, তারিখ-২৪/১২/২০২৫ইং) রুজু করা হয়েছে।
অপরদিকে, এসআই (নিঃ) আবু আহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওয়াসিম হোসেন (৪২) ও মোঃ ফয়সাল (৩৬) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় ওয়াসিমের হাতে থাকা ব্যাগ থেকে ৭০ গ্রাম এবং ফয়সালের লুঙ্গির কোচর থেকে ৫০ গ্রামসহ মোট ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় মামলা (নম্বর-১৮, তারিখ-২৪/১২/২০২৫ইং) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।