POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অদম্য নারী পুরস্কার পাচ্ছেন রাবেয়া, তানজিনা ও রাখি সাহা

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫ | সময়: ১১:৩৪ অপরাহ্ণ

অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় হাজীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে সেরা হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষক রাবেয়া আক্তার (সফল জননী), তানজিনা হক (অর্থনীতিতে সাফল্য) ও রাখি মনি সাহা (সমাজ উন্নয়নে অবদান)।

বেগম রোকেয়া দিবসে তাদের নিজ নিজ অবদানের জন্য পুরস্কৃত করা হবে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

রোকেয়া দিবসে অদম্য নারী শীর্ষক কার্যক্রমে ২৫-২৬ অর্থবছরে সফল জননীর পুরস্কার পাচ্ছেন রাবেয়া আক্তার।

তিনি বর্তমানে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ৩ কন্যা সন্তানের জননী।

তার বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। মেঝো মেয়ে রুবাইয়া ফাইরোজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্নি করছে এবং ছোট মেয়ে নুসাইরা ফাইরোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিন কন্যা সন্তানের জননী হয়েও তাদের সবাইকে সফলতার মুখ দেখিয়েছেন। নিজেও নারী হয়ে শিক্ষকতা পেশায় শ্রম-ঘাম দিয়ে নিজেকে এবং পরিবারকে করেছেন সফল। তাই তিনি নারী সন্তান এবং পরিবার সঠিকভাবে পরিচালনায় সফল হওয়ায় সফল জননী হিসেবে পুরস্কৃত হবেন।

রাবেয়া হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির একজন সফল শিক্ষক নেতা। তিনি বর্তমানে সমিতির নির্বাচিত সহ-সভাপতি।

রাবেয়া আক্তার হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের পাটোয়ারী বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেনের স্ত্রী।

তাঁর বাবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার নাসিরপুর গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হানিফ মিয়া ও রহিমা বেগমের সন্তান।

তিনি চাঁদপুর মাতৃপীঠ হাইস্কুল থেকে এসএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষে শিক্ষকতায় সফলতা অর্জন করে তিন কন্যাকে আলোর পথ দেখিয়েছেন।

 

তিনি বলেন, “আমার ইচ্ছাশক্তি আর পরিবারের সাপোর্ট থেকে সফলতা পেয়েছি। শত কষ্টেও থেমে থাকিনি। থেমে থাকিনি বলেই আজ সফলতা পেয়েছি।”

তানজিনা হক তিনি অর্থনীতিতে সাফল্য অর্জন করায় পুরস্কার পাচ্ছেন। তার বাবা আজিজুল হক। তিন সন্তানের এই জননীর বাড়ি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ বেপারি বাড়িতে।

তিনি দেশীয় হোমমেড খাবার ব্যবসায় ‘তানজিনা হক উনুনঘর’ (অনলাইন শপ) ব্র্যান্ডে সফলতা অর্জন করেছেন। এসএসসি পাশ এই নারী নিজের শ্রম দিয়েই নিজেকে সফল করে তুলেছেন।

রাখি মনি সাহা, তার বাবা নিলমণি সাহা। তিনি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের বাসিন্দা। সমাজের গুরুত্বপূর্ণ কাজে নিজেকে সম্পৃক্ত রেখে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সে কারণেই তাকে বেগম রোকেয়া দিবসে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন