POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বাস চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫ | সময়: ৭:১২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ–কচুয়া আঞ্চালিক মহাসড়কের কালচোঁ এলাকায় আল-আরাফাহ স্পেশাল পরিবহনের একটি বাসচাপায় আজহারুল ইসলাম আকাশ (২৬) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত প্রায় ৮টার দিকে।

নিহত আকাশ ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ হাজী বাড়ির আব্দুল আওয়াল মিয়ার মেজো ছেলে এবং পরিবারের একমাত্র সন্তান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আল-আরাফাহ পরিবহনের একটি বাস কালচোঁ বাজার অতিক্রম করে হাজীগঞ্জগামী হওয়ার সময় আকাশকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন