চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে সহিংসতা ও হানাহানির অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানকে বহিষ্কার করার প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
মঙ্গলবার বিকালে দলটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। মূলত একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে ফেসবুকে একটি বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। দলটির সিনিয়র যুগ্ম মহা সচিবের স্বাক্ষরে বিএনপি দফতর থেকে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।
এদিকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় গতকাল রাত থেকে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করছেন নেতাকর্মী ও সমর্থকরা।