চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।
সন্ধ্যায় চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত প্রিন্স মাহমুদ ঢাকা গেন্ডারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি তাবলিগ জামায়াতের সাথে চাঁদপুরে যান।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ওই যুবক ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর নৌ ফায়ার স্টেশন ৩০ মিনিট চেষ্টায় চালিয়ে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। চলতি বছরে ডাকাতিয়া নদীর এই ৫ কিলোমিটারের মধ্যে গোসল করতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।