এই জুলাই সনদের যে বক্তব্যগুলো আছে- কথাগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আগামী দিন যে সরকার আসবে, যারাই নির্বাচিত হবে, তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম।
তিনি শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
তিনি বলেন, যার জন্য আমরা দ্বারেদ্বারে যাচ্ছি, ভালো মানুষকে যেন সংসদে পাঠায়। যারা মানুষে দুঃখ দুর্দশা বুঝবে। মানুষের কষ্ট লাগব হবে। সুশাসন প্রতিষ্ঠা হবে। এবং মানুষ ন্যায় বিচার পাবে। তাহলেই আমাদের এই সংস্কারগুলো কাজে আসবে।
এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেয়া জরুরী। তারা বাহিরে থাকলে বাংলাদেশের যে আমুল পরিবর্তন হবে, এটা তেমন কিছু না। সবাই একসাথে থাকলে ভালো, আর কেউ যদি ভিন্নমত পোষণ করে কোন অসুবিধা নাই। জনগণ একসাথে থাকলেই হবে।
এসময় বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, মতলবে এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান।