চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র মো: হামজার (৯) মৃত্যু হয়েছে। শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো: হামজা উপজেলার উপাধি ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো: আলমের ছেলে। সে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত হামজার বাবা মো: আলম বিদেশে থাকে। দুইটা ছেলে সন্তান আলমের। শনিবার দুপুরে মো: হামজা বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করতে সময় হামজা পানিতে ডুবে যায়। বন্ধুরা হামজাকে না দেখে দৌড়ে বাড়িতে গিয়ে বলে হামজা পানিতে ডুবে গেছে। তারপর নিহতের চাচাতো ভাই রনিসহ কয়েকজন পানিতে খুঁজে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো: মোশাররফ হোসেন মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আলমগীর হাওলাদার কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ভাইয়ের দুইটা সন্তান। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। সে সাঁতার জানে না। সাঁতার না জানার কারনে পানিতে তলিয়ে মারা গেছে।
মতলব দক্ষিণ থানার এসআই জীবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।