চাঁদপুর সদর উপজেলার দেবপুরে গরুর দুধ নিতে গিয়ে গোয়াল ঘরে থাকা বিষাক্ত সাপের ছোবলে পারভীন বেগম (৬০) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে দেবপুর খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম ওই বাড়ির মিজান খানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন নিহত পারভীন বেগমের জামাতা জহিরুল ইসলাম।
জামাতা জহিরুল ইসলাম বলেন, ভোর ৬টায় গরুর দুধ নিতে গোয়াল ঘরে যায় পারভীন বেগম। তখন গোয়াল ঘরে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন।
জহিরুল ইসলাম আরও বলেন, নিহত পারভীন বেগম দাম্পত্য জীবনে ৪ পুত্র সন্তান ও এক কণ্যা সন্তানের জননী ছিলেন। তার এমন মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকা। বিকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।