চাঁদপুর শহরে যানজট নিয়ন্ত্রণে আনতে ১০ সেপ্টেম্বর থেকে নতুন ৮ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
রবিবার (৩১ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিক সংগঠনে নেতৃবৃন্দদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, ১০ সেপ্টেম্বর থেকে চাঁদপুর শহরে অটোরিকশাগুলো লাল সবুজ রংয়ের ভিত্তিতে একদিন করে চলবে। সিএনজিগুলো হলুদ ও সবুজ রং করা আছে, সেগুলোও একদিন পর পর শহরে প্রবেশ করবে। এসব যানবাহন শুধুমাত্র সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেনে চলতে হবে। তবে যেকোন যানবাহন রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে পারবে।
এছাড়াও জেলা প্রশাসক আরো জানান, জেলার বাহির থেকে যাওয়া সিএনজি ও অটোরিকশার জন্য আলাদা তিনটি স্ট্যান্ড করা হয়েছে। পাশাপাশি একই সময়ে লরি, ট্রাক, তেলের ভাউচার শহরে ঢুকতে পারবে না।
সভায় জেলা প্রশাসকের দেওয়া ৮টি নির্দেশনা গুলো হলো- চাঁদপুর পৌরসভার লাইসেন্সকৃত অটোরিক্সাসমূহ যথাক্রমে লাল ও সবুজ দুই রং এর ভিত্তিতে একদিন পরপর চলাচল করবে, চাঁদপুর পৌরসভার মধ্যে সিএনজিসমূহ যথাক্রমে হলুদ ও সবুজ দুই রং এর ভিত্তিতে একদিন পরপর চলাচল করবে, সিএনজি এবং অটোরিক্সাসমূহ সকাল ০৮.০০টা হতে রাত ৮.০০টা পর্যন্ত রং এর ভিত্তিতে একদিন পরপর পৌরসভায় প্রবেশ করবে, রাত ০৮.০০ টা হতে সকাল ০৮.০০ পর্যন্ত উভয় রংয়ের সিএনজি এবং অটোরিক্সা পৌরসভায় চলাচল করতে পারবে, হাসপাতালে রোগী বহনকারী সিএনজি অটোরিক্সা বিশেষ বিবেচনায় শহরে প্রবেশ করতে পারবে, চাঁদপুর পৌরসভা ব্যতিত জেলার অন্যান্য স্থানে উভয় রংয়ের সিএনজি অটোরিক্সা চলাচল করতে পারবে, সকাল ০৮.০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত শহরের অভ্যন্তরে অর্থাৎ পৌরসভা এলাকা সবধরনের ট্রাক, লরি, তেলের ভাউচার প্রবেশ করতে পারবে না। তবে মিনি পিকআপ প্রবেশ করতে পারবে এবং অন্যান্য জেলা থেকে আগত সিএনজিসমূহ শহরের বাইরে সিএনজি স্ট্যান্ড এ যাত্রী উঠানামা করবে।
সভায় জেলা পুলিশ সুপার আবদুর রকিবসহ বিভিন্ন যানবাহনের নেতৃবৃন্দ অংশ নেয়।