চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশের টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমান ফেরত ভাতিজা বাবু গাজী (২৪) নিহত হয়েছে। একই ঘটনায় বাবা রওশন গাজী ও ভাই এমরান হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী চাচা হাসান গাজীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার পর পরই হাসান গাজীর দুই ছেলে শাওন ও রাকিব পলাতক রয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়ীতে এই ঘটনা ঘটে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা রওশান গাজী বলেন, প্রবাসে ছেলে বাবুর কাছে কিছু টাকা পাবে বলে হাসানের সাথে বিরোধ হয়। এসময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে বাবু গাজী মারা যায়।
এদিকে গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ওমান প্রবাসী। ১৫ দিন আগে দেশে আসে। সেখানেই হাছান কাকার টাকা দিয়ে দিছে। সেই রশিদ আছে। তারপর আমার সব শেষ করে দিলো।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।