রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। মামলার এক নম্বর আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও দুই নম্বর আসামি তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামি তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।