চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন জানান, এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। ওইখানে অবস্থিত আকতার তপদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাদেরকে বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মৃত আব্দুর রব তপদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত আব্দুর রব তপদার ভাই শাহ আলম। তিনি বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। তারপরও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সিদ্ধান্ত হলে নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয় বলে জানান অফিসার ইনচার্জ বাহার মিয়া।