মেয়ের জন্য পাত্র দেখে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫জুন) বিকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতাল সামনে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের গাইনের বাড়ির মরহুম আব্দুল লতিফের ছেলে। তিনি ২ কন্যা সন্তানের জনক।
এলাকাবাসী জানান, প্রবাস জীবন শেষে গত কয়েক বছর পূর্বে দেশে এসে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন দেলোয়ার হোসেন। তার বিবাহ যোগ্য বড় মেয়ের জন্য দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় পাত্রের বাড়িঘর দেখতে যান তিনি। ভাগ্নে সোহেল হোসেনের মোটরসাইকেল যোগে বিকালে বাড়ি ফেরার পথে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতাল সামনের সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
গুরুতর আহত দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোঘনা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ওমর ফারুক।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।