চাঁদপুরের হাজীগঞ্জে বিষ প্রয়োগ প্রজেক্টের ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে প্রজেক্টে মৃত মাছ ভেসে উঠতে দেখে হতবাক হয়ে পড়ে মাছ চাষী। পরে মৃত মাছ ধরতে মহোৎসবে মেতে উঠে স্থানীয়রা।
মাছ চাষী আরমান হোসেন জানান, নজরুল ইসলাম ও মানিক সহ তিনজন মিলে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দোয়াগোন্ডা মজুমদার বাড়ির রেদোয়ান হোসেন মজুমদারের কাছ থেকে একটি বড় প্রজেক্ট ও ২ টি পুকুর ৫ বছরের জন্য লিজ নেয়। যার মেয়াদ শেষ হবে চলতি মাসের ২৫ তারিখ। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ওই বাড়ির লোকজন বৃহস্পতিবার (১২ জুন) এর মধ্যে প্রজেক্ট ও পুকুর খালি করতে বলে। না হয় মাছগুলো জীবিত নিতে পারবে না বলে হুমকি দেয়।
স্থানীয়রা জানান, ভোর থেকে প্রজেক্ট ও পুকুরে মাছ মৃত মাছ ভেসে উঠতে দেখেন তারা। পরে যে যেভাবে পেরেছে মাছগুলো নিয়ে যায়। এতে ব্যপক ক্ষতির সম্মুখীন হয় তিন মৎস্যচাষী।
লিজের মেয়াদ শেষ হওয়ার আগে কেনো মাছগুলো তুলে নিতে বলা হলো জানতে চাইলে রেদোয়ান হোসেন মজুমদার জানান, তাদের চাচাতো ভাই সহ বৈঠকে তিনি এগুলো লিজ নেয়। পরে আরমানের কাছে তিনি লিজ দেয়। তবে গেলো শুক্রবার বাড়ির লোকজন আরমানকে মাছ তুলে নিতে বলে। আমাদের কাছে লিজের কাগজপত্র আছে যার মেয়াদ শেষ হবে চলতি মাসের ২৫ তারিখ। তবে কে বা কাহারা বিষ প্রয়োগ করে আরমানের এতো বড় ক্ষতি করেছে তা জানেন না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।