POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ঘর থেকে ভিজিএফের চাল উদ্ধার, ইউপি সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২, ২০২৫ | সময়: ২:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বসতঘর থেকে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির নিজ বাড়ির ঘরে মজুদ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান এবং অভিযুক্তকে আটক করে মামলা রুজুর নির্দেশ দেন।

গ্রেফতার হওয়ার আগে হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রাখা হয়েছিল।

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ জানান, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন