POPULAR BD NEWS
Popular BD News Logo

খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় আহত এক শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৯, ২০২৫ | সময়: ৭:৫১ অপরাহ্ণ

যশোরে বাড়ির পাশে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত শিশু খাদিজা (৫) মারা গেছে। ঢাকায় নেওয়ার পথে আজ সোমবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির ভাই সজিব (৬) ও বোন আয়েশা (৩) গুরুতর আহত হয়েছে।

সোমবার সকালে শহরের শংকরপুর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতরা শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান।

আহতদের পিতা শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশে মাঠের মধ্যে খেলার সময় বোমাটি পায় শিশুরা। তারা বল ভেবে সেটি বাড়ির ভেতরে এনে খেলা করছিল। একপর্যায়ে তা বিস্ফোরণ হয়ে শিশুরা গুরুতর আহত হয়।

যশোর সদর হাসপাতালের আরএমও আ ন ম বজলুর রশিদ জানান, বোমার আঘাতে শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা স্থানান্তর করা হয়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন শিশু খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এছাড়া যৌথবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন