চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে ৪ বছর বয়সী আবু বকর নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রবিউল ইসলামের ছেলে। শিক্ষক রবিউল ইসলামের গ্রামের বাড়ি রংপুর সদরে। তিনি দুই ছেলে সন্তানের বাবা। নিহত আবু বকর ছিল ছোট ছেলে। পরিবারটি উপজেলার নন্দনপুর গ্রামের ডেঙ্গুর বাড়িতে দুলালের বাসায় ভাড়া বসবাস করেন।
স্বজনরা জানান, দুপুরে আবু বকর অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পর্যায়ে পুকুরের পানিতে আবু বকরের নিথর দেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।