POPULAR BD NEWS
Popular BD News Logo

ডেসটিনির বিনিয়োগকারীরা কীভাবে টাকা ফেরত পাবেন, জানালেন রফিকুল আমীন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৪, ২০২৫ | সময়: ৪:০০ অপরাহ্ণ
বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, ওই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ডেসটিনির বর্তমান বোর্ডের। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব।
বুধবার (১৪ মে) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেসটিনি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল আমীন বলেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, ওই টাকা ফেরত দেওয়ার মালিক ডেসটিনির বর্তমান বোর্ড। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব। সরকার ব্যাংক হিসাব খুলে দিলে তার পরের মাস থেকেই বিনিয়োগকারীদের টাকা দেওয়া শুরু হবে।

তিনি বলেন, আমি এখনও ম্যানেজমেন্টে ঢুকতে পারিনি। আমি ডেসটিনি বাদ দিয়ে কোনো কোম্পানিও করিনি। আমি নতুন একটি ই-কমার্স কোম্পানি করেছিলাম। সেটাও এখন বন্ধ। ডেসটিনির কোনো ঋণের দায় নেই। ডেসটিনি গ্রুপের ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ আছে। এখানে দায় আছে ৩ হাজার কোটি টাকার।

নতুন প্রতিষ্ঠিত বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, সততার সঙ্গে দুই পয়সা আয় করতে ডেসটিনির বিকল্প কিছু ছিল না। ডেসটিনিতে সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। সততার কারণেই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা স্টোরি ছাপিয়ে এবং মিথ্যা মানি লন্ডারিং মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। আমার মামলার এজাহারগুলো পড়লে আপনারাও ভালো করে বুঝতে পারবেন।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন