চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক ভাটিয়ালপুর মৎস্য আড়ৎ থেকে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মৎস্য ব্যবসায়ী ও আড়ৎদাররা। রবিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরের ভাটিয়ালপুর চৌরাস্তার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক মৎস্য ব্যবসায়ী ও আড়ৎদাররা অংশ নেয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ১৬ বছর ধরে ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তায় মৎস্য আড়ৎগুলো ব্যবসা করে আসছে। কেউ কখন চাঁদা বা টোল আদায় করতে আসেনি। এখন কেন পৌর সুবিধা না দিয়ে টোল আদায় করতে আসছে তারা। কিন্তু হঠাৎ করে ফরিদগঞ্জ পৌরসভা নিয়ম বহির্ভূতভাবে ইজারা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ দিচ্ছে। এই ইজারা বাতিল করে টোল আদায় বন্ধ করতে হবে।
ব্যবাসায়ীরা জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের দোকান মালিক, মাছের আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, জেলেসহ অন্তত কয়েকশত পরিবার জড়িত। দোকানগুলো মালিকদের নিজেদের জমির উপর। ট্রেড লাইন্সেস নিয়ে ব্যবসা করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের জমির উপর প্রতিদিন অস্থায়ী মাছের বাজার বসে। কিন্তু পৌর কর্তৃপক্ষ মাছের হাট এলাকার কোনরূপ উন্নয়ন বা সুবিধা না দিয়ে, এমনকি আলোচনা না করে বাজারটি ইজারা প্রদান করে। যা অনৈতিক ও অবৈধ। টোলা আদায়কারীরা আসার পর গত এক সপ্তাহ ধরে মাছ বিকিকিনি বন্ধ রাখা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন , পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য মালিক সমিতি সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল হক আমিন মিজি , মৎস্য ব্যবসায়ী মনির হোসেন গাজী, বিকাশ দাস ও ইলিয়াছ হোসেন ।