POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাতিয়ায় গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ | সময়: ৮:৫৭ অপরাহ্ণ

চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ওই এলাকায় গোসল করতে নেমে সাঁতার কেটে যাওয়ার সময় বাল্কহেডের প্রচন্ড ঢেউ এর মধ্যে তলিয়ে যায় আপন।

আপন শহরের মিশন রোড এলাকার বাসিন্দা। তারা বাবা মানিক রঞ্জন সরকার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বালিকা উচ্চি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপন শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নদীতে তলিয়ে যাওয়ার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস চাঁদপুরের নৌ ইউনিটের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত আপনকে উদ্ধারের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে আপন তার বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে আসে। তারা সাঁতার দিয়ে নদীর এপাড় থেকে ওপাড় যাওয়ার চেষ্টা করে। এ সময় নদীর মাঝখান দিয়ে একটি বালু বোঝাই বাল্কহেড যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ে আপন নদীতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা তীরে উঠলেও আপন নিখোঁজ হয় আপন।

আপনের মা শান্তা সরকার বলেন, বাসা থেকে না বলে আপন বন্ধুদের সাথে গোসল করতে নদীতে চলে এসে নিখোঁজ হয়। সে সাঁতার অল্প অল্প পারে। তবে মাঝেমধ্যে পরিবারের কাউকে না বলে নদীতে গোসল করতে আসে। ছেলের খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, বেলা আড়াইটায় আমরা নিখোঁজের সংবাদ পাই। ২.৫৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। সন্ধ্যা ৭টা ৭ মিনিট পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিলো। নিখোঁজ কলেজের ছাত্রের সন্ধান না পেয়ে কার্যক্রম বন্ধ করা হয়।

তিনি আরো বলেন, আমাদের সাথে উদ্ধার কার্যক্রম ছিলো কোস্টগার্ড ডুবুরি দল। উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিলে আগামীকালও উদ্ধার কার্যক্রম চলবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন