POPULAR BD NEWS
Popular BD News Logo

তিনজন দৌড়ে নিরাপদে চলে গেলেও পারেননি নুরুল আমিন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫ | সময়: ৬:১৮ অপরাহ্ণ

গাছ কাটছিলেন দিনমজুররা। হঠাৎ বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তিনজন দৌড়ে নিরাপদে যেতে পারলেও পারেননি নুরুল আমিন কালা। বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

 

রোববার বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।

 

স্থানীয়রা জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এ সময় বজ্রপাতের শব্দে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার এএসআই রহমান মঞ্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

গত কয়েক দিনের অসহনীয় তাপদাহের পর সকালের বৃষ্টিতে আবহাওয়া অনেকটা শীতল হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও জমি থেকে পাকা বোরো ধান কাটা, মাড়াই দেওয়া ও শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন