POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোটের সামগ্রী প্রস্তুতের সময় জানালেন ইসি সচিব

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫ | সময়: ৬:০২ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের সামগ্রী প্রস্তুতে তিন থেকে চার মাস সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সে জন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে। মূলত নির্বাচনে নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কী পরিমাণ কাগজ লাগবে, বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রণে কত সময় লাগবে—এসব বিষয় নিয়ে বৈঠক হয়েছে। ওনারা বলেছেন, পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত তিন থেকে চার মাস সময় লাগে।

আখতার আহমেদ বলেন, ‘আসন্ন নির্বাচনে কাগজ কী পরিমাণ লাগে সে সম্পর্কে ধারণা নেয়া, এ-সংক্রান্ত বাজেট সংস্থান এবং আগের নির্বাচনের কিছু কাগজপত্র বিজি প্রেসে রয়েছে সেগুলোর গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। আমরা একটি কমিটি করে দিয়েছি। তারা যাচাই-বাছাই করবে, যে কাগজ নষ্ট হয়ে গেছে, সেগুলো প্রক্রিয়া অনুসরণ করে ডিসপোজ করা হবে। কাগজের পরিমাণ কতটুকু ও কতদিন টাইম লাগতে পারে, সে বিষয়ে নিজেদের প্রস্তুতি রাখার জন্য এ আলোচনা করা হয়েছে। চার মাসের ভেতরে আমরা সব প্রকিউরমেন্ট করতে পারব।’

তিনি জানান, সংসদ নির্বাচনে ২১ প্রকার ফরম, ১৭ প্রকার প্যাকেট, ৫ প্রকার পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকাসহ অনেক কিছু মুদ্রণ করতে হয়। ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে সেপ্টেম্বরের মধ্যে এসব মুদ্রণ করে সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় সভায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন