POPULAR BD NEWS
Popular BD News Logo

পাগলা মসজিদে পাওয়া গেল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ | সময়: ৭:২২ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেছে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এ ছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা। দানের এসব অর্থ মসজিদের আন্তর্জাতিক মানের কমপ্লেক্স নির্মাণ ও জেলার দরিদ্র-অসহায় রোগীদের চিকিৎসাকাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৪ মাস ১২ দিন পর আজ শনিবার সকালে খোলা হয় লোহার দানসিন্ধুকগুলো। ১১টি দানবাক্স থেকে পাওয়া টাকা ২৮টি বস্তায় ভরে নেওয়া হয় ওই মসজিদের দোতলায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মসজিদের মেঝেতে বসে টাকা গণনা করেন মাদ্রাসার প্রায় আড়াই শ ছাত্র-শিক্ষক ও ৭০ জন ব্যাংক কর্মকর্তা।

তিন থেকে চার মাস পরপরই কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের টাকা গণনা করা হয়। এর আগে গেল বছরের ৩০ নভেম্বর মসজিদের দান বাক্সে ৩ মাস ১৩ দিনে পাওয়া যায় রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদের আয় দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছে। মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়।

কথিত আছে এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগীসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন।

প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন বলে জনশ্রুতি রয়েছে। তাকে ঘিরে সেখানে অসংখ্য ভক্ত সমবেত হন। পাগলবেশী ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন