POPULAR BD NEWS
Popular BD News Logo

সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫ | সময়: ১২:৪২ অপরাহ্ণ
চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত ২ অক্টোবর সাকিব, তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করে সংস্থাটি। তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইইউ তাঁর সব ব্যাংক হিসাব জব্দ করে।

তারকা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব গত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন