POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আগুনে পুড়ল ১৪ ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েক হাজার দলিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ | সময়: ১:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১০টি অফিস ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আগুনে পুড়ে গেছে কয়েক হাজার দলিল।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাজারের স্টেশন রোড জেলা পরিষদ মার্কেট সংলগ্ন পৌরসভা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম ও মাসুদ আলমসহ একাধিক ব্যবসায়ীর অভিযোগ, হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এ মার্কেট নিয়ে পূর্বের দ্বন্দ্ব  রয়েছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে। তাই পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা এসব দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থরা জানান, এখানে কয়েকজন দলিল লেখকের অফিস। উপজেলার কয়েক হাজার দলিল ছিল। দোকানগুলো পুড়ে যাওয়ায় শুধু ব্যবসায়ীরা নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো উপজেলা। তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম বলেন, ‘দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার আড়ালে যদি কেউ স্বার্থ হাসিল করে বা ষড়যন্ত্র করে ব্যবসায়ীদের ক্ষতি করে থাকে, সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে।’

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মোতালেব মিয়া বলছেন, ‘আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। দলিল লেখক ও ব্যাবসায়ীদেরসহ ১৪টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন