POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২০, ২০২৫ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এই তালিকায় আগের চেয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সুখী দেশের তালিকায় ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন। মানুষের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

এবার কোস্টারিকা ও মেক্সিকো প্রথমবারের মতো শীর্ষ ১০-এর তালিকায় উঠে এসেছে। দেশ দুটি যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম স্থানে রয়েছে। তালিকার ৭ম অবস্থানে আছে নরওয়ে এবং ইসরায়েলের অবস্থান ৮তম। অপরদিকে ৯ম অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ।

এদিকে আফগানিস্তান আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে দেশটি। তালিকার ১৩৮তম দেশ লেসোথো, ১৩৯তম অবস্থানে কমোরোস, ১৪০তম অবস্থানে ইয়েমেন, ১৪১তম স্থানে কঙ্গো, ১৪২তম অবস্থানে বতসোয়ানা, ১৪৩তম অবস্থানে জিম্বাবুয়ে, ১৪৪তম স্থানে মালাউয়ি, ১৪৫তম স্থানে লেবানন, ১৪৬তম স্থানে সিয়েরা লিওন এবং ১৪৭তম স্থানে রয়েছে আফগানিস্তান।

সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়। এই সূচকগুলো হলো- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ইত্যাদির মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে দুঃখী দেশ ও এর মধ্যের সব দেশ চিহ্নিত করা হয়। এর পাশাপাশি, কোন বিষয়গুলো মানুষের জীবনে সুখ এনে দেয়, সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করা হয় এই সমীক্ষার মাধ্যমে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন